সারা দেশের ন্যায় নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

 

স্টাফ রিপোর্টার: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁয় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, লিগ্যাল এইড মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) নওগাঁ জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা জজকোর্ট চত্বরে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সূচনায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাধারণ মানুষের মাঝে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়ায়।

এরপর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রোকনুজ্জামান বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শোভাযাত্রা শেষে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব ও প্রসার নিয়ে বিশদ আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারি আইনগত সহায়তা একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ, যা ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজতর করছে। এর মাধ্যমে বিচারপ্রার্থীরা আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও আইনি সহায়তা গ্রহণের সুযোগ পাচ্ছেন, যা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক (নান্নু), পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম. এইচ. এম. জাহাঙ্গীর আলম, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাড. সরোয়ার জাহান এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. শাহরিয়ার শিমু।

বক্তারা আরও বলেন, সরকারের লিগ্যাল এইড সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, প্যানেল আইনজীবীবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য ও পর্যবেক্ষক, বিভিন্ন মামলার সুবিধাভোগীসহ সুধীজন অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজন ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনগত সহায়তা কার্যক্রমের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال