স্বপ্নের হজ, নাকি প্রতারণার ফাঁদ!

 

ফলোআপ পর্ব ০৫

হজ না করেও ‘হজ ডিরেক্টর’ মিলন

অনিয়ম ও সন্দেহজনক কার্যক্রম ঠেকাতে কর্তৃপক্ষের কার্যকর অ্যাকশনের দাবি

স্বপ্নের হজ, নাকি প্রতারণার ফাঁদ!

মো. আব্দুল বারি খান: নওগাঁর মান্দা উপজেলায় হজকে কেন্দ্র করে অননুমোদিত কার্যক্রম, ভুয়া পরিচয়ে ‘হজ কাফেলা’ পরিচালনার দাবি এবং প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রচারণার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বপ্নের হজ নাকি প্রতারণার ফাঁদ—হজ না করেও ‘হজ ডিরেক্টর’ মিলনকে ঘিরে এখন নানা গুঞ্জন ছড়িয়ে পড়ছে। বিষয়টি স্থানীয় পর্যায় পেরিয়ে নীতি-নির্ধারণী মহলেও গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর দুশ্চিন্তা প্রকাশ করে বলেন, বিষয়টি যদি দ্রুত ও নিরপেক্ষভাবে খতিয়ে না দেখা হয়, তাহলে সাধারণ মানুষ আরও বড় ধরনের বিভ্রান্তি ও আর্থিক ঝুঁকির মুখে পড়তে পারেন। তাদের মতে, ধর্মীয় আবেগ ও বিশ্বাসকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়মের সুযোগ তৈরি হওয়া অত্যন্ত উদ্বেগজনক। অনিয়ম ও সন্দেহজনক কার্যক্রম ঠেকাতে প্রশাসন–গোয়েন্দা অ্যাকশনের দাবি জোরালো হয়েছে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত, তথ্য যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে হজ ব্যবস্থাপনার মতো সংবেদনশীল খাতে স্বচ্ছতা, জবাবদিহি এবং কঠোর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা, যাতে মানুষের বিশ্বাস ও পবিত্র অনুভূতি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

এই প্রেক্ষাপটে সরকারের অবস্থান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রতিক্রিয়া এবং প্রশাসনের ভূমিকা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিটিবি নিউজ।

আস্থার জায়গায় প্রশ্ন

হজ—মুসলমানদের জীবনের সবচেয়ে পবিত্র ইবাদত। বছরের পর বছর সঞ্চয়, স্বপ্ন আর আবেগ জমিয়ে মানুষ যখন আল্লাহর ঘরের পথে যাত্রার প্রস্তুতি নেয়, তখন সেই পথ যদি বিভ্রান্তি ও অনিয়মের অভিযোগে ঘিরে যায়—তা শুধু আর্থিক ক্ষতি নয়, আঘাত হানে বিশ্বাসের গভীরে।

নওগাঁর মান্দা উপজেলায় এমনই এক অভিযোগ ঘিরে এখন তৈরি হয়েছে আলোচনা, উদ্বেগ ও প্রশ্ন। স্থানীয় পর্যায়ে এক ব্যক্তিকে ঘিরে উঠেছে অভিযোগ—নিজে হজ না করেও ‘হজ কাফেলা’ পরিচালনার প্রচারণা, ভুয়া পরিচয় ব্যবহার এবং একাধিক প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে কার্যক্রম চালানোর দাবি।

নাম ভাঙিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা

অনুসন্ধানে জানা গেছে, কথিত মুফতি মো. মাহমুদুল হাসান ওরফে মিলন কোনো অনুমোদিত হজ এজেন্সির তালিকায় অন্তর্ভুক্ত না থাকলেও একাধিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—প্রাইম হজ গ্রুপ, জান্নাতুল মাওয়া ট্রাভেলস, ফারুক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং মেসার্স শাফায়েত ইন্টারন্যাশনাল।

স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কুলিহার বাজার এলাকায় একটি ভাড়া করা কক্ষে তিনি একটি অফিস স্থাপন করেছেন, যেখানে সাইনবোর্ড টানিয়ে হজ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনার পাশাপাশি লোভনীয় অফারের কথা উল্লেখ করে বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রচারণা চালানো হচ্ছে।

পাশাপাশি ভিজিটিং কার্ডের মাধ্যমে নিজেকে “হজ ডিরেক্টর” হিসেবে পরিচয় দিচ্ছেন বলেও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করছে।

তার ব্যবহৃত ভিজিটিং কার্ডে এক পাশে লেখা রয়েছে—“প্রাইম হজ গ্রুপ”, যার অধীনে হজ, উমরা, রিক্রুটিং, এয়ার টিকেট, ভিজিট ভিসা ও প্যাকেজ ট্যুরের সেবা উল্লেখ করা হয়েছে। অন্য পাশে উল্লেখ করা হয়েছে—“মুফতি মো. মাহমুদুল হাসান, হজ ডিরেক্টর”, সঙ্গে জান্নাতুল মাওয়া ট্রাভেলস, ফারুক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ লাইসেন্স নং-৩৭৩, মেসার্স শাফায়েত ইন্টারন্যাশনাল বিক্রুটিং লাইসেন্স নং-১০৪১। 

এছাড়া ভিজিটিং কার্ডে দুটি পৃথক ঠিকানাও উল্লেখ করা হয়েছে—ঢাকা অফিস হিসেবে ২৮/এ, ভিআইপি রোড, নয়াপল্টন (৪র্থ তলা), ঢাকা-১০০০ এবং মান্দা অফিস হিসেবে কুলিহার বাজার, কাঁশোপাড়া, মান্দা, নওগাঁ।

যোগাযোগের জন্য একটি ইমেইল ঠিকানা ও একটি ওয়েবসাইটও দেওয়া রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, উল্লেখিত ওয়েবসাইটটি প্রাইম বিজনেস গ্রুপের নামে পরিচালিত বলে দাবি করা হচ্ছে, যা নিয়ে স্থানীয় পর্যায়ে আরও প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে।

উল্লেখিত ওয়েবসাইট ও ভিজিটিং কার্ডের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, সেখানে প্রদত্ত নাম, সেবা ও পরিচয়ের মধ্যে সামঞ্জস্য থাকলেও তার অনুমোদন ও বৈধতার বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় এলাকায় নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছে, হজ ব্যবস্থাপনার মতো সংবেদনশীল খাতে এ ধরনের পরিচয় ও কার্যক্রম যদি সত্যিই অনুমোদনবিহীন হয়, তবে তা সাধারণ মানুষের জন্য বিভ্রান্তিকর ও ঝুঁকিপূর্ণ হতে পারে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত, তথ্য যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

অভিজ্ঞতা ছাড়াই বড় দায়িত্বের দাবি

স্থানীয়দের অভিযোগ, হজ ব্যবস্থাপনার মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো বাস্তব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও মিলন নিজেকে এ খাতে দক্ষ হিসেবে প্রচার করছেন। তার এ ধরনের প্রচারণা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং অনেকেই তার কথাবার্তা ও উপস্থাপনায় প্রভাবিত হচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, তিনি ভিজিটিং কার্ডে নিজেকে “হজ ডিরেক্টর” হিসেবে পরিচয় দিয়ে হজ সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের প্রচারণা চালাচ্ছেন। ভিজিটিং কার্ড, সাইনবোর্ড এবং অনলাইন প্রচারণায় একাধিক ট্রাভেল ও হজ এজেন্সির নাম ব্যবহার করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা সাধারণ মানুষের কাছে তাকে বিশ্বাসযোগ্য করে তুলছে, যার ফলে অনেকেই প্রকৃত তথ্য যাচাই না করেই তার সঙ্গে যোগাযোগ করছেন—এমন অভিযোগ উঠেছে।

একাধিক সূত্র জানায়, তিনি হজ প্যাকেজ, ভিসা প্রসেসিংসহ বিভিন্ন সেবার কথা বলে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এসব কার্যক্রমের ফলে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এবং ভবিষ্যতে আর্থিক বা অন্য কোনো ধরনের ক্ষতির ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

অভিযুক্তের নীরবতা প্রশ্ন বাড়াচ্ছে

পুরো ঘটনার বিষয়ে বিতর্কিত মুফতি মাহমুদুল হাসান ওরফে মিলন বলেন, তিনি কর্তৃপক্ষের অনুমতি নিয়েই কাজ করছেন। তবে তার এই বক্তব্যের পরও স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে স্পষ্টতা আসেনি। কারণ, অনুমতির বিষয়টি প্রমাণ করার মতো কোনো দৃশ্যমান নথি বা যাচাইযোগ্য তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

স্থানীয়দের অভিযোগ, তার কথার সঙ্গে বাস্তব কার্যক্রম, ব্যবহৃত পরিচয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহারের বিষয়গুলোতে অসামঞ্জস্য রয়েছে। ফলে বিষয়টি ঘিরে সন্দেহ ও ধোঁয়াশা আরও ঘনীভূত হচ্ছে। অনেকেই মনে করছেন, শুধু মৌখিক দাবি নয়—প্রয়োজন ছিল স্বচ্ছ ব্যাখ্যা এবং প্রমাণভিত্তিক তথ্য উপস্থাপন।

এতে স্থানীয় জনগণের মধ্যে আরও প্রশ্ন তৈরি হয়েছে—আসলে অনুমোদনের বিষয়টি কতটা সত্য এবং কার্যক্রমটি কতটা বৈধতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

সচেতন মহল মনে করছেন, বিষয়টি যদি দ্রুত স্পষ্ট করা না হয়, তবে বিভ্রান্তি আরও বাড়তে পারে এবং পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।

নামি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ও ধোঁয়াশার ছায়া

অনুসন্ধানে সংশ্লিষ্ট স্বনামধন্য হজ এজেন্সির নওগাঁর পরিচালক আলহাজ্ব মো. মিরাজুল আলম মিরাজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা বিটিবি নিউজকে জানান, কথিত মুফতি মাহমুদুল হাসান ওরফে মিলন নামের কোনো ব্যক্তির সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কোনো সম্পৃক্ততা নেই। তিনি  স্পষ্টভাবে জানান, এমন কোনো ব্যক্তিকে তারা চেনেন না এবং তাকে মৌখিক বা লিখিত কোনো অনুমতি দেওয়া হয়নি।

অন্যদিকে প্রাইম হজ গ্রুপের রাশেদ ইলিয়াসের সঙ্গে গত ২৭ এপ্রিল হজ সংক্রান্ত বিষয়ে আলাপচারিতার একপর্যায়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের নাম জানতে চাইলে তিনি বলেন, ফারুক আহম্মেদ। তার পদমর্যাদা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “সাথেই আছি ডিরেক্টর হিসেবে।”

দেশের অন্যান্য জেলায় কোনো শাখা রয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, “না, নেই।” আপনারা দুজনেই কি পরিচালনা করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “না, ডিরেক্টর আছে। এখানে ডিরেক্টর আরও আছে। তবে বিভিন্ন জায়গায় বা কোনো জেলায় কোনো শাখা নেই, কাউকে শাখা হিসেবে দায়িত্বও দেওয়া হয়নি।”

উত্তরাঞ্চলের নওগাঁতে একজন ব্যক্তি প্রাইম হজ গ্রুপের শাখা হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ওটা প্রাইম হজ গ্রুপ। ওটা হজের কাজ করে। ওখানে ডিরেক্টরশিপ নেই। তাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া আছে?”

এ সময় তিনি প্রশ্ন করে বলেন, “আপনি কোথা থেকে বলছেন?” পরে আরও কিছু আলোচনা শেষে তিনি বলেন, “আপনি একসময় হয় নওগাঁ অফিস কিংবা ঢাকা অফিসে আসেন।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, নওগাঁ অফিসের দায়িত্বে মিরাজুল আলম মিরাজ রয়েছেন।

তবে ফলোআপ প্রতিবেদনের জন্য গত ২৯ এপ্রিল মুঠোফোনে প্রাইম হজ গ্রুপের চেয়ারম্যান রাশেদ ইলিয়াসের সঙ্গে যোগাযোগ করা হলে, নওগাঁয় শাখা অফিস হিসেবে কাউকে ডিরেক্টরশীপ দেওয়া আছে কি-না—এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, একটি নওগাঁ শহরে আর একটি মান্দাতে আছে।

মান্দা কোথায়—এমন প্রশ্ন করা হলে তিনি উল্টো প্রশ্ন করেন, “আপনি কি মুফতি মাহমুদুল হাসানকে চেনেন?”

তিনি আরও বলেন, “আপনি যে জায়গায় হাত দিয়েছেন প্রাইম হজ গ্রুপের উপরে, নিউজ করলেন—এটার ভার কি সহ্য করতে পারবেন?”— বাছ এতটুকু  বলেই তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

২৭ এপ্রিলের আলাপচারিতায় রাশেদ ইলিয়াস কখনই বলেননি মান্দাতে ডিরেক্টরশীপ দেয়া আছে বা মাহমুদুল হাসান মিলনের নামও বলেননি। 

“সংশ্লিষ্ট বিষয়ে মুঠোফোনে ধারণকৃত কথোপকথনের রেকর্ড যথাযথভাবে সংরক্ষিত রয়েছে, ভবিষ্যৎ প্রয়োজন ও যাচাইয়ের কথা বিবেচনায় রেখে।”

আবার নওগাঁ অফিসের পরিচালক মিরাজুল আলম মিরাজ ওই দিন বিটিবি নিউজকে জানান, মুফতি মাহমুদুল হাসান ওরফে মিলন নামের কোনো ব্যক্তির সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কোনো সম্পৃক্ততা নেই। তিনি  স্পষ্টভাবে জানান, এমন কোনো ব্যক্তিকে তারা চেনেন না এবং তাকে মৌখিক বা লিখিত কোনো অনুমতি দেওয়া হয়নি।

ফারুক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-এর পরিচালক ফারুক আহমেদের নিকট বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বিটিবি নিউজকে জানান, “ডিরেক্টরশীপ দেওয়ার সুযোগ নেই। কাজের সময় হজ পরিচালক বা গ্রুপ লিডার হিসেবে অনেক সময় আমরা অনুমতি দেই। প্রতি ৪৫ জনের জন্য হজ গাইড হিসেবে ১ জনকে দেওয়ার নিয়ম আছে।”

অন্য প্রশ্নের জবাবে তিনি বলেন, “কেউ ওমরাহ করেনি বা হজও করেনি—এমন কাউকে আমরা দায়িত্ব দেই না। যার হজের অভিজ্ঞতাই নেই, তাকে আমরা কিভাবে দায়িত্ব দেব? এর কোনো নিশ্চয়তা নেই। এতে অর্থের বিষয়ও জড়িত থাকে। কাজ সম্পর্কে কোনো ধারণা না থাকলে দায়িত্ব দিলে এজেন্সির বদনাম হবে।”

তিনি আরও জানান, “আমরা ২০০৫ সাল থেকেই এ কাজের সঙ্গে জড়িত।”

কথিত মুফতি মাহমুদুল হাসান মিলনের ব্যবহৃত ভিজিটিং কার্ডের তথ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বিটিবি নিউজকে বলেন, “তার ভিজিটিং কার্ডটি আমার কাছে পাঠান। এটা অফিস থেকে ইস্যু করা হয়েছে কি না দেখি, তারপর আমি আপনার সঙ্গে কথা বলব।”  তিনি মতামত দিলে পরবর্তী ফলোআপ প্রতিবেদনে তুলে ধরা হবে।

নওগাঁ সদরের শেষ প্রান্ত থেকেই শুরু মান্দা উপজেলা, আর সেই শুরুর দিকের জলছত্র-পাঁজরভাঙ্গা রোডে সুপরিচিত এলাকা কুলিহার বাজারে কথিত মুফতি মাহমুদুল হাসান মিলনের একটি শাখা অফিস রয়েছে—এমন তথ্য স্থানীয়ভাবে পাওয়া গেছে। তবে নওগাঁ সদরের সংশ্লিষ্ট অফিসের দায়িত্বশীল ব্যক্তির কাছেই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্নের অবকাশ তৈরি হয়েছে।

সংবাদ প্রকাশের পর ঢাকায় অবস্থানরত প্রাইম হজ গ্রুপের চেয়ারম্যান রাশেদ ইলিয়াস স্বল্প সময়ের মধ্যেই মান্দা এলাকায় একটি শাখা অফিসের অবস্থান ও সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে অবগত থাকার কথা জানান। এতে বিষয়টি নিয়ে নতুন করে কিছু প্রশ্ন ও অস্পষ্টতা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২৭ এপ্রিল ২০২৬ তারিখে প্রাইম হজ গ্রুপের বিষয়ে আলোচনার এক পর্যায়ে রাশেদ ইলিয়াস নিজেই জানান, নওগাঁ সদর ছাড়া অন্য কোথাও তাদের কোনো শাখা বা ডিরেক্টরশিপ নেই। তবে পরবর্তীতে অল্প সময়ের ব্যবধানে ভিন্নধর্মী তথ্য উঠে আসায় বিষয়টি অধিকতর যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। এ পরিস্থিতিতে নামি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ঘিরে জনমনে প্রশ্ন ও ধোঁয়াশার এক ঘন ছায়া সৃষ্টি হয়েছে।

অন্যদিকে প্রাইম হজ গ্রুপসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বিষয়ে বিটিবি নিউজ পরিবারের পক্ষ থেকে জনস্বার্থে একাধিক ধারাবাহিক অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রস্তুতের কাজ চলমান রয়েছে। সমাজ ও রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম, বিভিন্ন অভিযোগ, অনিয়মের সম্ভাব্য দিক এবং জনমনে উত্থাপিত প্রশ্নসমূহের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করে ধাপে ধাপে পরবর্তী পর্বগুলোতে উপস্থাপন করা হবে।

কোনো একপাক্ষিকতা বা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপিত না হয় এবং বিষয়টি স্বচ্ছ, দায়িত্বশীল ও গ্রহণযোগ্যভাবে জনসম্মুখে উপস্থাপনের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।

উক্ত বিষয়টি জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট পক্ষের কাছে যদি এ বিষয়ে তথ্য, নথি, অভিজ্ঞতা বা প্রাসঙ্গিক উপাত্ত থাকে, তবে তা বিটিবি নিউজ পরিবারের সঙ্গে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। প্রাপ্ত সকল তথ্য কঠোরভাবে যাচাই-বাছাই করে সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী ব্যবহার করা হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ গোপনীয়তায় সংরক্ষণ করা হবে।

এ অনুসন্ধানমূলক প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো—সমাজে স্বচ্ছতা নিশ্চিত করা, জনস্বার্থ রক্ষা করা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্যের ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল প্রতিবেদন জনসমক্ষে উপস্থাপন করা। 

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কড়া বার্তা

কথিত মুফতি, নিজে হজ পালন না করেও ‘হজ ডিরেক্টর’ ও ‘হজ কাফেলা’ পরিচালনার দাবি, স্থানীয় পর্যায়ে এজেন্সির নাম ভাঙিয়ে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার, হজ নিবন্ধনের আইন ও নীতিমালা লঙ্ঘন এবং প্রশাসন ও মাঠপর্যায়ের নজরদারির ভূমিকা—এসব অনিয়ম ও গুরুতর অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে উল্লেখ করেন।

বিটিবি নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় অননুমোদিত ‘হজ কাফেলা’, ভুয়া পরিচয় ব্যবহার ও বিভ্রান্তিকর কার্যক্রমকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

তিনি বলেন, “পবিত্র হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতারণা বা অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম হজ ব্যবস্থাপনার স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও ধর্মীয় সংবেদনশীলতার ওপর সরাসরি আঘাত।”

লাইসেন্সবিহীনভাবে হজ কার্যক্রম পরিচালনাকে সম্পূর্ণ অবৈধ বলে তিনি স্পষ্ট করে জানান। তার বক্তব্য অনুযায়ী, “আমরা লাইসেন্স নিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করি এবং নির্ধারিত ব্যয় ও সরকারি নীতিমালা অনুসরণ করে দীর্ঘ প্রস্তুতির মাধ্যমে হজ ব্যবস্থাপনা পরিচালনা করি। কোনো হজযাত্রী অভিযোগ করলে তাদের সেবা দেওয়া আমাদের দায়িত্ব। অথচ কিছু অসাধু চক্র তথাকথিত ‘হজ কাফেলা’র নামে লিফলেট ছাপিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে—যা সরাসরি প্রতারণার শামিল।”

সভাপতি বলেন, এ ধরনের অবৈধ কার্যক্রম শুধু ব্যক্তি পর্যায়ের ক্ষতি নয়, বরং পুরো হজ ব্যবস্থাপনার সুনাম ও আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রে এসব চক্র গ্রাম পর্যায় থেকে শুরু করে বিভিন্ন নামে দালাল নিয়োগ করে অর্থ সংগ্রহ করে, যা সম্পূর্ণ অনিয়ম ও নীতিবহির্ভূত।

এ ধরনের অননুমোদিত কার্যক্রমে জড়িতদের বিষয়ে তিনি উল্লেখ করেন, কেউ কেউ সাময়িকভাবে সেবা দিলেও অনেক ক্ষেত্রে সরাসরি প্রতারণা ঘটে। তার মতে, “ফলে হাজিদের বিষয়টি অনেক সময় ভাগ্যের ওপর নির্ভর করে—ভাগ্য ভালো হলে হজ করতে পারে, না হলে অর্থ হারিয়ে বসে।”

তিনি আরও বলেন, এসব অনিয়মের কারণে সাধারণ হজযাত্রীদের মধ্যে অনিশ্চয়তা ও আস্থাহীনতা তৈরি হচ্ছে, যা পুরো হজ ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করে। অনেক ক্ষেত্রেই ভুয়া পরিচয় ও বিভ্রান্তিকর আশ্বাসের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা হয়, পরে আর্থিক ক্ষতির মুখে ফেলে দেওয়া হয়। এতে শুধু ব্যক্তি নয়, পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বপ্নও ভেঙে যায়।

হাবের সভাপতি সতর্ক করে বলেন, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে গড়ে ওঠা এ ধরনের চক্র যত দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না যাবে, ততই সাধারণ মানুষ প্রতারণার ঝুঁকিতে পড়বে। তাই আগাম যাচাই-বাছাই ও সচেতনতা ছাড়া কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান তিনি।

বর্তমান ব্যবস্থার পরিবর্তন তুলে ধরে তিনি জানান, এখন নিবন্ধন ছাড়া কেউ হজে যেতে পারে না এবং পুরো প্রক্রিয়াটি আগের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত ও আধুনিক। তিনি তুলে ধরেন, “আমরা ছয় মাস আগেই হাজিদের থাকা, খাওয়া, পরিবহনসহ সব প্রস্তুতি সম্পন্ন করি।”

তিনি আরও বলেন, এই ডিজিটাল ও নিয়ন্ত্রিত ব্যবস্থার কারণে স্বচ্ছতা অনেক বেড়েছে এবং অনিয়ম কমার সুযোগ তৈরি হয়েছে। তবে এর মধ্যেও কিছু অসাধু চক্র নতুন কৌশলে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে, যারা দালাল, টিম লিডার বা তথাকথিত প্রতিনিধি পরিচয়ে গ্রামে গ্রামে গিয়ে বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করছে।

তাঁর ভাষায়, এসব কর্মকাণ্ডের কোনো আইনগত ভিত্তি নেই এবং এটি পুরো হজ ব্যবস্থাপনার শৃঙ্খলার জন্য হুমকি। তিনি সতর্ক করে বলেন, “যতই ব্যবস্থা আধুনিক হোক, মানুষের অসচেতনতা থাকলে প্রতারণার সুযোগ থেকে যায়।”

তিনি আরও বলেন, মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানের আশপাশের এলাকায় ব্যাপকভাবে সচেতনতামূলক প্রচারণা জোরদার করতে হবে, যাতে সকল শ্রেণি-পেশার মানুষ আগেভাগেই সতর্ক হতে পারে এবং প্রতারকদের খপ্পর থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সঠিক তথ্য প্রচারই সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া তিনি বলেন, এসব অনিয়ম থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। জনসাধারণকে প্রতারণার হাত থেকে বাঁচতে অবশ্যই যাচাই-বাছাই করে এবং অনুমোদিত এজেন্সির মাধ্যমেই হজ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

তিনি এ বিষয়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বিত নজরদারি আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নিয়মিত মনিটরিং, অভিযান এবং তথ্যভিত্তিক তদারকি বাড়ানো হলে এ ধরনের অননুমোদিত কার্যক্রম শুরুতেই রোধ করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

মাঠপর্যায়ের বাস্তবতা প্রসঙ্গে তিনি আরও জানান, “তারা মোটরসাইকেলে ঘুরে ঘুরে টাকা সংগ্রহ করে—এর কোনো বৈধতা নেই। বিষয়টি আমরা বারবার সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এনেছি। লাইসেন্স ছাড়া কেউ কোনোভাবেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে না।”

মধ্যস্বত্বভোগীদের ভূমিকা নিয়ে তিনি বলেন, অনেক ক্ষেত্রে তারা অনুমোদিত এজেন্সিকে পাশ কাটিয়ে হাজি সংগ্রহ করে এবং পরে এসে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে, “তারা আমাদের অজান্তেই টাকা নেয়, কিন্তু হাজিদের সঙ্গে কী শর্তে চুক্তি করেছে, তা আমাদের জানায় না। হাজিদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হলেও এজেন্সিকে কম দেওয়া হয়—ফলে প্রত্যাশিত সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে,”—এমন ব্যাখ্যাও দেন তিনি।

অন্য প্রশ্নের জবাবে তিনি জোর দিয়ে বলেন, “টিম লিডার, গ্রুপ লিডার বা ‘হজ ডিরেক্টর’—এই নামে কোনো বৈধ পদ নেই।” তার মতে, সরকারি কাঠামোর বাইরে এ ধরনের পরিচয় ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং প্রতারণার শামিল। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানও আইনগত ও নীতিগতভাবে অননুমোদিত বা হজ পালন না করা কাউকে “ডিরেক্টর”, “পরিচালক” বা “প্রতিনিধি” হিসেবে বৈধভাবে দায়িত্ব দিতে পারে না—এ ধরনের নিয়োগ কেবল সরকারি অনুমোদনের ভিত্তিতেই বৈধতা পায়।

কথিত মুফতি মাহমুদুল হাসান মিলনের প্রসঙ্গে তিনি বিটিবি নিউজকে বলেন, প্রথমেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করা জরুরি। তার বক্তব্য অনুযায়ী, “লাইসেন্স ছাড়া কেউ অফিস বা কার্যক্রম পরিচালনা করতে পারে না। আপনি তথ্য দিলে প্রয়োজনে বিষয়টি আমরা মন্ত্রণালয়ে অবহিত করবো।” পাশাপাশি তিনি উল্লেখ করেন, কোনো নিবন্ধিত এজেন্সির শাখা খুলতেও সরকারের অনুমতি প্রয়োজন এবং “হজ ডিরেক্টর” নামে বেসরকারি পর্যায়ে কোনো পদই নেই—এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর একটি পরিচয়।

প্রতারণার বিষয়ে হাবের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, “হাব সরাসরি ফৌজদারি তদন্ত করে না—এটি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব।” তবে তার মতে, হাবের কোনো সদস্য দোষী প্রমাণিত হলে লাইসেন্স বাতিলের জন্য সরকারের কাছে সুপারিশ করা এবং সদস্যপদ বাতিল করা সম্ভব।

মাঠপর্যায়ে প্রতারণা রোধে প্রশাসনের সক্রিয় নজরদারির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি এবং সমন্বিত অভিযান জোরদার করা জরুরি। একইসঙ্গে হাবও নিজস্বভাবে তথ্য সংগ্রহ ও মনিটরিং জোরদার করছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বিটিবি নিউজের মাধ্যমে দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়ে সতর্ক করে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, “হজে যেতে হলে অবশ্যই সরাসরি অনুমোদিত এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।” তার মতে, কোনো দালাল, টিম লিডার বা তথাকথিত প্রতিনিধির হাতে টাকা দিলে প্রতারিত হওয়ার ঝুঁকি থেকেই যায়। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশের যেকোনো স্থান থেকে সহজেই এজেন্সির ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা পাঠানো সম্ভব—তাই এসব ব্যক্তির মাধ্যমে নগদ লেনদেন সম্পূর্ণভাবে এড়িয়ে চলাই নিরাপদ।

তিনি আরও সতর্ক করে বলেন, হজের মতো একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ ইবাদতে সামান্য অসচেতনতা বড় ধরনের আর্থিক ও মানসিক ক্ষতির কারণ হতে পারে। অনেক সময় প্রলোভন দেখিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ সৃষ্টি করা হয়, যা প্রতারণার অন্যতম কৌশল। এ কারণে তিনি সবাইকে ধীরস্থিরভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আপনারা তথ্য নিতে পারেন, পরিচিতদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন—কিন্তু চূড়ান্ত লেনদেন অবশ্যই এজেন্সির মাধ্যমেই সম্পন্ন করবেন। কেউ যদি অতিরিক্ত তাগাদা দেয় বা দ্রুত টাকা নিতে চায়, তাহলে বুঝতে হবে সেখানে ঝুঁকি রয়েছে। আপনার কষ্টার্জিত অর্থ ও জীবনের স্বপ্ন যেন কোনোভাবেই ভুল মানুষের হাতে না যায়—সচেতনতা, যাচাই-বাছাই এবং অনুমোদিত এজেন্সির মাধ্যমেই লেনদেনই আপনাকে প্রতারণা থেকে রক্ষা করতে পারে।”

সবশেষে সৈয়দ গোলাম সরওয়ার বলেন, হজ একটি আধ্যাত্মিক ও জীবনঘনিষ্ঠ ইবাদত, তাই এখানে আবেগ নয় বরং সঠিক তথ্য ও যাচাই-নির্ভর সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সচেতনতা বাড়লেই প্রতারণা কমবে এবং একটি নিরাপদ, সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাঠপর্যায়ে উদ্বেগ: সাধারণ মানুষের ভয়

স্থানীয়দের মধ্যে এখন সবচেয়ে বড় উদ্বেগ—বিশ্বাস ও অর্থের নিরাপত্তা।

অনেকে বলছেন, হজের মতো সংবেদনশীল ইবাদতে যদি যাচাই ছাড়া অর্থ লেনদেন হয়, তাহলে মানুষ বড় ধরনের প্রতারণার শিকার হতে পারেন।

স্থানীয় সচেতন নাগরিকের ভাষায়— “এটা শুধু টাকা হারানোর বিষয় নয়, এটা মানুষের স্বপ্ন আর ধর্মীয় অনুভূতির বিষয়।”

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঘটনাটি দীর্ঘদিন ধরে আলোচনায় থাকলেও কার্যকর পদক্ষেপ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

তাদের দাবি— মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি থাকলে এমন পরিস্থিতি এতদূর গড়াত না।

তবে প্রশাসনিক তদারকি ও গোয়েন্দা পর্যবেক্ষণের ঘাটতি নিয়েও এখন আলোচনা চলছে।

সিন্ডিকেট নাকি একক কার্যক্রম? উঠছে নানা প্রশ্ন

স্থানীয়দের একাংশের ধারণা, এটি শুধুমাত্র কোনো ব্যক্তিগত উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ নাও হতে পারে। বরং এর পেছনে একটি সংগঠিত ছোট চক্র সক্রিয় থাকতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন, যারা ধর্মীয় আবেগ ও মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে।

তাদের মতে, হজের মতো স্পর্শকাতর ধর্মীয় ব্যবস্থাপনার আড়ালে যদি কোনো ধরনের সমন্বিত চক্র কাজ করে থাকে, তবে তা শুধু প্রতারণার মাত্রা বাড়াবে না, বরং সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান ও তদন্তের দাবি রাখে, যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে এবং কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হন, আবার কোনো অসাধু চক্রও পার পেয়ে না যায়।

সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে— এটি কি শুধুই একক কোনো ব্যক্তির কার্যক্রম, নাকি এর আড়ালে রয়েছে আরও বিস্তৃত কোনো নেটওয়ার্ক?

ঝুঁকিতে হজযাত্রীরা—স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ

এলাকাবাসীর আশঙ্কা, যথাযথ তথ্য যাচাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সম্পর্কে নিশ্চিত না হয়ে কেউ যদি তার মাধ্যমে হজ সংক্রান্ত আর্থিক লেনদেন করেন, তাহলে বড় ধরনের প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। পবিত্র হজের মতো সংবেদনশীল, ব্যয়বহুল এবং ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে সামান্য ভুল সিদ্ধান্তও সাধারণ মানুষের জীবনে গভীর আর্থিক ক্ষতি ও মানসিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তারা।

স্থানীয়দের ভাষ্য, হজ ব্যবস্থাপনা কোনো সাধারণ সেবা নয়; এটি একটি কঠোরভাবে নিয়ন্ত্রিত ও নিয়মবদ্ধ প্রক্রিয়া, যেখানে সরকারি নিবন্ধন, অনুমোদিত এজেন্সি এবং স্বচ্ছ ব্যবস্থাপনার ওপর আস্থা রাখা অপরিহার্য। কিন্তু এসব বিষয়ে পর্যাপ্ত সচেতনতা না থাকলে সহজেই মানুষ বিভ্রান্তির শিকার হতে পারেন এবং ভুল ব্যক্তির কথায় প্রভাবিত হয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন।

এমন পরিস্থিতিতে শুধু আর্থিক ক্ষতির আশঙ্কাই নয়, বরং বহু মানুষ ধর্মীয় দায়িত্ব পালনের মতো গুরুত্বপূর্ণ ইবাদত সম্পন্ন করার ক্ষেত্রেও অনিশ্চয়তা ও জটিলতার মুখে পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় সচেতন মহল।

তাদের মতে, হজযাত্রীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি, নিয়মিত তদারকি এবং অনুমোদিত এজেন্সি ছাড়া কোনো ধরনের প্রচারণা বা লেনদেন থেকে সাধারণ মানুষকে সতর্ক করতে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম জোরদার করা এখন সময়ের দাবি।

সত্য উদঘাটনের অপেক্ষা

হজের মতো পবিত্র ও সংবেদনশীল ইবাদতকে ঘিরে ওঠা এই বিতর্কিত ঘটনাটি এখনো স্পষ্ট কোনো নিষ্পত্তিতে পৌঁছায়নি। মুফতি মাহমুদুল হাসান ওরফে মিলনকে ঘিরে ওঠা গুঞ্জন ও প্রশ্নগুলো রয়ে গেছে তদন্তের পর্যায়ে। ফলে স্থানীয় জনতা, সংশ্লিষ্ট মহল এবং সম্ভাব্য হজযাত্রীদের দৃষ্টি এখন প্রশাসন ও গোয়েন্দা সংস্থার দিকে—তারা কত দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে প্রকৃত সত্য উদঘাটন করতে পারে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সচেতন মহলের মতে, হজ ব্যবস্থাপনার মতো সংবেদনশীল খাতে কোনো ধরনের অস্পষ্টতা বা বিতর্ক দীর্ঘদিন ঝুলে থাকলে তা মানুষের বিশ্বাস ও আস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। তাই সময়ক্ষেপণ না করে যথাযথ তদন্তের মাধ্যমে বাস্তব চিত্র সামনে আনা জরুরি। একইসঙ্গে, এই ঘটনাটি ইতোমধ্যেই একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে সামনে এসেছে—ধর্মীয় ইবাদতকে কেন্দ্র করে পরিচালিত যেকোনো কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সংশ্লিষ্টদের মতে, গুঞ্জন ও অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে এটি শুধু একটি আর্থিক অনিয়ম বা প্রতারণার ঘটনা হিসেবেই সীমাবদ্ধ থাকবে না; বরং তা হজের মতো পবিত্র ইবাদতকে ঘিরে মানুষের বিশ্বাস ও আস্থার ওপর বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হবে। কারণ মানুষ বছরের পর বছর সঞ্চয় করে, গভীর আবেগ ও প্রত্যাশা নিয়ে হজ পালনের প্রস্তুতি নেয়—সেখানে কোনো ধরনের বিভ্রান্তি বা প্রতারণা সেই পবিত্র স্বপ্নকেই প্রশ্নবিদ্ধ করে তোলে।

এখন দেখার বিষয়—তদন্ত প্রক্রিয়া কতটা নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রভাবমুক্তভাবে সম্পন্ন হয়, সংশ্লিষ্টরা কত দ্রুত জবাবদিহির আওতায় আসেন এবং প্রকৃত সত্য কতটা স্পষ্টভাবে জনসম্মুখে উঠে আসে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা কার্যকর নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সব মিলিয়ে, হজকে ঘিরে এই আলোচিত ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও সত্য উদঘাটনের অপেক্ষায় স্থানীয় জনতা, সম্ভাব্য হজযাত্রী এবং সংশ্লিষ্ট মহল এখন তাকিয়ে আছে প্রশাসনের দিকে— প্রত্যাশা একটাই—সত্য প্রতিষ্ঠিত হোক, পবিত্র হজের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক, এবং কোনো নিরীহ মানুষ যেন প্রতারণার শিকার না হন।

এখনই ব্যবস্থা না নিলে বাড়বে ঝুঁকি

হজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত, যেখানে মানুষের বিশ্বাস, আবেগ ও আস্থার গভীর সম্পৃক্ততা রয়েছে। এই খাতে যেকোনো ধরনের প্রতারণা বা অনিয়ম কেবল আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং তা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সামাজিক আস্থার ভিত্তিকেও মারাত্মকভাবে দুর্বল করে দেয়—ফলে আস্থারও বড় ধাক্কা লাগে।

মিলনকে ঘিরে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, সত্যতা যাচাই এবং পরিস্থিতি অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, যথাযথ পদক্ষেপ গ্রহণে বিলম্ব হলে এ ধরনের অনিয়ম আরও বিস্তার লাভ করতে পারে এবং ভবিষ্যতে আরও অনেক মানুষ প্রতারণার শিকার হতে পারেন।

একইসঙ্গে, এই ঘটনাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে। এখনই কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া গেলে সম্ভাব্য ক্ষতি প্রতিরোধের পাশাপাশি জনমনে আস্থা পুনর্গঠন করা সম্ভব হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে একটি শক্ত অবস্থান তৈরি হবে।

প্রশাসনের নজরদারি জোরদারের দাবি

এলাকাবাসীর অভিযোগ, সাইনবোর্ড টানিয়ে হজ সংক্রান্ত এ ধরনের কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও এখনো কার্যকর ও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা। 

তাদের মতে, মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি ও যাচাই-বাছাই না থাকলে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হতে পারেন। তাই দ্রুত তদন্ত, তথ্য যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে ভুক্তভোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী বিটিবি নিউজকে এক ক্ষুদে বার্তা পাঠিয়েছেন; বিস্তারিত পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।

বিষয়টি নিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিটিবি নিউজকে জানান, জেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের খাত পর্যবেক্ষণ করে থাকে। পাশাপাশি এ ধরনের কোনো অভিযোগ বা আপত্তি পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আস্থার প্রশ্নে সতর্কবার্তা

হজের মতো পবিত্র ইবাদতকে ঘিরে ওঠা এই অভিযোগ এখন শুধু একটি স্থানীয় বিতর্ক নয়—এটি একটি বড় সামাজিক সতর্কবার্তা।

বিশেষজ্ঞদের মতে, স্বচ্ছতা, জবাবদিহি এবং কঠোর নিয়ন্ত্রণ ছাড়া এ ধরনের অনিয়ম ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নিতে পারে।

পরবর্তী পর্বে যা থাকছে:

মিলনের পেছনে কারা রয়েছেন? অর্থ লেনদেনের কোনো সুস্পষ্ট প্রমাণ আছে কি? অন্যদিকে প্রাইম হজ গ্রুপ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম বিষয়ে বিটিবি নিউজ পরিবারের পক্ষ থেকে জনস্বার্থে গভীর অনুসন্ধান চলমান রয়েছে। সমাজ, রাষ্ট্র ও জনকল্যাণের স্বার্থে উত্থাপিত বিভিন্ন অভিযোগ, অনিয়মের সম্ভাব্য দিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সত্যতা যাচাই করে পরবর্তী পর্বগুলোতে বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।

এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো তথ্য, নথি, অভিজ্ঞতা বা প্রাসঙ্গিক উপাত্ত থাকলে তা বিটিবি নিউজ পরিবারের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রাপ্ত সকল তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করা হবে এবং প্রয়োজনে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, পাশাপাশি বিভিন্ন মহলে আলোচিত “কথিত” আদম ব্যবসা ও নারী সংক্রান্ত অভিযোগের মতো বিষয়গুলোও যাচাই–বাছাই সাপেক্ষে অনুসন্ধানের আওতায় থাকবে। তথ্য ও প্রমাণের ভিত্তিতে বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করা হবে, যাতে জনমনে বিদ্যমান প্রশ্নগুলোর একটি স্বচ্ছ ও নিরপেক্ষ চিত্র পাওয়া যায়।

একইসঙ্গে জনস্বার্থে প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো এ বিষয়ে কতটা কার্যকর ভূমিকা পালন করেছে, তাদের কার্যক্রম ও তৎপরতা কতটা বাস্তবসম্মত—এসব বিষয়ও পরবর্তী প্রতিবেদনে যথাযথভাবে উপস্থাপন করা হবে।

👉 সামনে আসছে আরও চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য—চোখ রাখুন ধারাবাহিক অনুসন্ধানের পরবর্তী পর্বগুলোতে!

চলবে .........................


নবীনতর পূর্বতন

نموذج الاتصال