স্মার্ট নিরাপত্তা ব্যবস্থার পথে নওগাঁ
অপরাধ দমনে নওগাঁয় এআই-ভিত্তিক সিসিটিভি নজরদারি ব্যবস্থার পরিকল্পনা
স্টাফ রিপোর্টার: নওগাঁ শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংবলিত সিসিটিভি নজরদারি নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে এবং জেলার বিশিষ্ট সুধীজন, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী প্রতিনিধিদের সমন্বয়ে গৃহীত এ উদ্যোগকে শহরের নিরাপত্তা ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এ লক্ষ্যে সম্প্রতি পুলিশ সুপারের কার্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোকে একটি সমন্বিত ডিজিটাল সিসিটিভি নেটওয়ার্কের আওতায় এনে তার সঙ্গে এআই প্রযুক্তি সংযুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বর্তমান বাস্তবতায় প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থার বিকল্প নেই। অপরাধ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্মার্ট নওগাঁ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ব্যবসায়ী সমাজ, সুধীজন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তাঁর নেতৃত্বে গৃহীত এ উদ্যোগকে নওগাঁর নিরাপত্তা ব্যবস্থাকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর রূপ দেওয়ার একটি দূরদর্শী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন উপস্থিত বক্তারা।
সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন ও কৌশল দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ বাস্তবতায় শুধু প্রচলিত পদ্ধতির ওপর নির্ভর না করে প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। এআই-সক্ষম সিসিটিভি ব্যবস্থা চালু হলে শহরের বিভিন্ন স্থানে স্থাপিত ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য তাৎক্ষণিক বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন কিংবা অস্বাভাবিক গতিবিধি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।
এ প্রযুক্তি ব্যবহার করে অপরাধ সংঘটনের আগে সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার পাশাপাশি ঘটনার পর প্রয়োজনীয় ভিডিও ফুটেজ দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণ করা যাবে। ফলে চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড, যানবাহন চুরি এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও তদন্তে নতুন মাত্রা যোগ হবে।
সভায় উপস্থিত সুধীজনরা বলেন, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ বাস্তবায়িত হলে নওগাঁ শহরের নিরাপত্তা ব্যবস্থায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। একই সঙ্গে নাগরিকদের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী হবে।
বক্তারা আরও বলেন, প্রশাসন, ব্যবসায়ী সমাজ, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে নওগাঁকে একটি নিরাপদ, আধুনিক ও স্মার্ট শহরে রূপান্তর করা সম্ভব। এআই-ভিত্তিক সিসিটিভি নেটওয়ার্ক সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে নিরাপদ নওগাঁ গড়ার যে স্বপ্ন নিয়ে এ উদ্যোগের সূচনা হয়েছে, তা বাস্তবায়িত হলে জেলার আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনায় এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নওগাঁ শহর ধীরে ধীরে একটি স্মার্ট, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থার দিকে এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করা হয়।
গুরুত্বপূর্ণ এ সভায় জেলা পরিষদের প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপারগণ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, মালিক-শ্রমিক প্রতিনিধি এবং জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
