বিশেষ অনুসন্ধান: পর্ব–০১
প্রশাসনিক ও গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি তদন্তের দাবি উঠেছে
রাজমিস্ত্রির হাতে সাক্ষাৎকারের মাইক! এলাকায় চলছে নানা আলোচনা
মো. আব্দুল বারি খান: সম্প্রতি মাহমুদুল হাসান ওরফে মিলনের নিজেকে “হজ ডিরেক্টর” পরিচয়ে উপস্থাপন, হজ কাফেলার কার্যক্রম, বিভিন্ন দেশে কর্মী পাঠানো এবং তার প্রতিষ্ঠিত মাদ্রাসাকে ঘিরে ধারাবাহিকভাবে প্রকাশিত বিভিন্ন আলোচিত সংবাদের পর বিষয়গুলো স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা, কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে।
আর সেই আলোচনার মাঝেই এবার নতুন করে সামনে এসেছে একটি বিতর্কিত সাক্ষাৎকারের ঘটনা, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে শুরু হয়েছে নতুন আলোচনা ও সমালোচনা।
জানা গেছে, প্রকাশিত সংবাদগুলোকে কেন্দ্র করে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই পয়না আদর্শ মহিলা কওমী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় স্থানীয়ভাবে রাজমিস্ত্রি হিসেবে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে একটি ‘সাংবাদিকসুলভ’ সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা, কৌতূহল ও নানা প্রশ্ন।
ভিডিওটি পর্যালোচনা করে দেখা গেছে, সাক্ষাৎকার গ্রহণকারী ব্যক্তি লুৎফর রহমান ওরফে লুতু নিজকুলিহার এলাকার বাসিন্দা বলে স্থানীয়ভাবে পরিচিত। তার পরিচয় ও সংশ্লিষ্টতা নিয়ে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের আলোচনা ও মতামত রয়েছে বলে জানা যায়।
তার শারীরিক ভাষা, প্রশ্ন উপস্থাপনের ধরন, বাচনিক ভঙ্গি ও সামগ্রিক আচরণে পেশাদার সাংবাদিকতার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্য রয়েছে—এমন মন্তব্যও করেছেন অনেকে।
ভিডিওতে সাক্ষাৎকার চলাকালে তাকে বিভিন্ন সময় সাক্ষাৎকারদানকারীদের গায়ে হাত বুলিয়ে দিতে দেখা যায় বলে প্রতীয়মান হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা, কৌতূহল ও ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
শুধু তাই নয়, পুরো সাক্ষাৎকারজুড়ে তাকে নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে প্রতিক্রিয়া ও বক্তব্য দিতে দেখা যায়। একইসঙ্গে একটি শব্দ উচ্চারণের ক্ষেত্রে তার কিছুটা জড়তা লক্ষ্য করা গেছে বলে ভিডিওতে প্রতীয়মান হয়, যেখানে তিনি “নিন্দা” শব্দটি ভিন্নভাবে উচ্চারণ করেন বলে দেখা যায়। এ বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
বিশেষ করে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক ‘সাতমাথা’ পত্রিকায় প্রকাশিত “মান্দায় মাদ্রাসার আড়ালে ব্যবসা: মুফতি মিলনের অর্থের উৎস নিয়ে রহস্য” শিরোনামের প্রতিবেদন এবং বিটিবি নিউজে প্রকাশিত অনুসন্ধানধর্মী সংবাদ প্রসঙ্গে তাকে বিভিন্ন মন্তব্য ও প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়।
তবে সচেতন মহলের প্রশ্ন, একজন প্রকৃত সংবাদকর্মীর দায়িত্ব কি কোনো পক্ষের হয়ে আবেগতাড়িত প্রতিক্রিয়া জানানো, নাকি তথ্য সংগ্রহ, নিরপেক্ষ বিশ্লেষণ ও সত্য উদঘাটনের মাধ্যমে জনগণের সামনে বাস্তবতা তুলে ধরা? অনেকের মতে, পুরো ভিডিওতে তথ্যভিত্তিক অনুসন্ধানের চেয়ে বরং নির্দিষ্ট কিছু সংবাদকে আক্রমণ করাই বেশি গুরুত্ব পেয়েছে। ফলে সাংবাদিকতার পেশাগত মান, পরিচয়ের অপব্যবহার এবং উপস্থাপনার উদ্দেশ্য নিয়েও জনমনে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
স্থানীয় সাংবাদিক মহলের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে, মান্দা উপজেলায় প্রায় অর্ধশতাধিক সাংবাদিক এবং পুরো জেলায় অসংখ্য পেশাদার সংবাদকর্মী থাকা সত্ত্বেও স্থানীয়ভাবে রাজমিস্ত্রি হিসেবে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে কেন এ ধরনের ভিডিও সাক্ষাৎকার গ্রহণ করা হলো। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা, কৌতূহল ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
ভিডিও বিশ্লেষণে আরও দেখা গেছে, “পেনশনের টাকা” নিয়ে বারবার প্রশ্ন তোলা হলেও সেই অর্থের প্রকৃত আয়-ব্যয়ের হিসাব, কখন কোথায় কীভাবে ব্যয় হয়েছে কিংবা এর পেছনে বাস্তব তথ্য-উপাত্ত কী—এসব বিষয়ে স্পষ্ট ও অনুসন্ধানমূলক কোনো প্রশ্ন করতে দেখা যায়নি।
অথচ একটি দায়িত্বশীল অনুসন্ধানধর্মী সাক্ষাৎকারের মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের সামনে প্রকৃত তথ্য তুলে ধরা। কিন্তু ভিডিওটির বিভিন্ন অংশ পর্যালোচনা করে অনেকের কাছেই মনে হয়েছে, সত্য উদঘাটনের চেয়ে নির্দিষ্ট একটি বয়ান প্রতিষ্ঠার চেষ্টা বেশি ছিল। ফলে আর্থিক স্বচ্ছতা, অর্থের উৎস ও ব্যয়ের খাত নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আড়ালেই থেকে গেছে বলে মনে করছেন অনেকে।
ফলে জনমনে এখন প্রশ্ন উঠছে—এটি কি সত্য অনুসন্ধানের প্রচেষ্টা ছিল, নাকি জনদৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার একটি কৌশল? অনেকেই মনে করছেন, সাংবাদিকতার নাম ব্যবহার করে যদি বাস্তব প্রশ্নগুলো পাশ কাটিয়ে কেবল আবেগনির্ভর উপস্থাপনা করা হয়, তবে তা বিভ্রান্তি আরও বাড়িয়ে তোলে।
একজন অভিজ্ঞ সাংবাদিক বলেন, “সাংবাদিকতা হচ্ছে গণমাধ্যমের প্রাণ। এটি শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার বিষয় নয়; বরং দায়িত্ব, নৈতিকতা ও সত্যের প্রতি দায়বদ্ধতার জায়গা। কোনো অ-পেশাদার ব্যক্তিকে সামনে এনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ উপস্থাপনের চেষ্টা করা হলে তা সাংবাদিকতার মর্যাদা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিও এখন নানা মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে পুরো ঘটনাটির সবচেয়ে আলোচিত দিক হয়ে উঠেছে ক্যামেরার পেছনের অদৃশ্য পরিচালকের ভূমিকা। ক্যামেরার সামনে ছিলেন লুৎফর রহমান ওরফে লুতু, কিন্তু পেছন থেকে পুরো আয়োজনের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ কারা করছিল—তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।
অনেকের মতে, ভিডিওর প্রশ্ন করার ধরন, নির্দিষ্ট সংবাদমাধ্যমকে লক্ষ্য করে বক্তব্য এবং একই বিষয় বারবার ঘুরিয়ে-ফিরিয়ে উপস্থাপনের কারণে ঘটনাটি স্বতঃস্ফূর্তের চেয়ে পরিকল্পিত বলেই মনে হচ্ছে।
ভিডিওটি যতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে, ততই নতুন প্রশ্ন সামনে আসছে। অনেকেই বলছেন, লুতু হয়তো শুধুই একটি মুখ; কিন্তু এর আড়ালে থেকে পুরো চিত্রনাট্য লিখেছে অন্য কেউ।
প্রকৃত ও পেশাদার সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে অনুসন্ধান, তথ্যযাচাই, নিরপেক্ষতা এবং সত্য উদঘাটনের সাহস। স্থানীয় উপজেলা ও জেলার বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকরা যদি আলোচিত বিষয়গুলো গভীর অনুসন্ধান, নথিপত্র যাচাই ও বাস্তব তথ্য-উপাত্তের ভিত্তিতে জনগণের সামনে তুলে ধরেন, তবে আড়ালে থাকা বহু বাস্তবতা ও রহস্য উন্মোচিত হতে পারে বলে মনে করছেন সচেতন মহল। তাদের মতে, সত্যকে দীর্ঘদিন আড়াল করে রাখা গেলেও, অনুসন্ধানী সাংবাদিকতার সামনে একসময় বাস্তবতার মুখোশ খুলে পড়েই।
সচেতন মহলের মতে, প্রকৃত সাংবাদিকতা কখনো আবেগনির্ভর নাটকীয় উপস্থাপনার ওপর দাঁড়িয়ে থাকে না; বরং তা দাঁড়িয়ে থাকে তথ্যের শক্তি, যুক্তির স্বচ্ছতা ও সত্য প্রকাশের দায়বদ্ধতার ওপর। এ কারণেই অনেকেই মনে করছেন, অ-পেশাদার কাউকে সামনে এনে ভিন্নমুখী বয়ান তৈরির চেষ্টা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে।
তবে পুরো ঘটনাকে ঘিরে স্থানীয়দের মনেও এখন ঘুরপাক খাচ্ছে আরও কিছু প্রশ্ন। কিসের বিনিময়ে লুৎফর রহমান ওরফে লুতু এমন ভূমিকা পালন করছেন? কার স্বার্থ রক্ষায় তিনি এতটা সক্রিয় হয়ে উঠলেন? একজন সাধারণ রাজমিস্ত্রি হঠাৎ করেই কেন আলোচিত বিভিন্ন বিষয়ে “সাংবাদিকসুলভ” ভঙ্গিতে অবস্থান নিতে শুরু করলেন—তা নিয়েও বাড়ছে কৌতূহল।
অনেকের ভাষায়, এটি কি শুধুই ব্যক্তিগত আনুগত্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অদৃশ্য স্বার্থ ও প্রভাবের বলয়? কারণ পুরো ভিডিওজুড়ে তাকে যেভাবে নির্দিষ্ট কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নিতে এবং একই বিষয় বারবার ঘুরিয়ে-ফিরিয়ে উপস্থাপন করতে দেখা গেছে, তাতে অনেকেই বিষয়টিকে স্বতঃস্ফূর্তের চেয়ে পরিকল্পিত বলেই মনে করছেন।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, প্রকৃত তথ্য অনুসন্ধানের পরিবর্তে কেন একজন অ-পেশাদার ব্যক্তিকে সামনে এনে আবেগনির্ভর উপস্থাপনার পথ বেছে নেওয়া হলো? এর পেছনে কোনো বিশেষ সুবিধা, প্রভাব বা গোপন সমঝোতা কাজ করছে কি না—তা নিয়েও বিভিন্ন মহলে চলছে আলোচনা ও কৌতূহল।
কে এই লুৎফর রহমান ওরফে লুতু? কী তার প্রকৃত পরিচয়, কোথা থেকে এসেছে তার পরিচিতি এবং কীভাবে তিনি স্থানীয় আলোচনায় উঠে এলেন—এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্থানীয় পর্যায়ে।
লুৎফর রহমান ওরফে লুতুকে ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা ও মতামত সামনে এসেছে। তার পরিচয়, কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে তার ভূমিকা নিয়ে নতুন করে কৌতূহল ও প্রশ্ন তৈরি হয়েছে বলে জানা যায়।
তার পটভূমি, স্থানীয় সম্পৃক্ততা এবং বিভিন্ন ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে আরও তথ্যভিত্তিক অনুসন্ধান চলছে।
চোখ রাখুন আগামী পর্বে—জানতে পারবেন এই আলোচ্য বিষয়ের আরও বিস্তারিত ও বিশ্লেষণধর্মী তথ্য।
